গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গেদু মিয়ার বাড়ির গেদু মিয়ার ছেলে মো. হাসু মিয়া (২৯), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পাংখার চর গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে রাকিব সরদার (২৩) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দক্ষিণ সুরমা গ্রামের মো. দূত মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।
অভিযানের বিবরণ:
এসআরবি-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন সুশান ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিল। রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাধবপুরের জগদীশপুর এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার সাভারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর দলটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভাধীন স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে ঢাকামুখী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তিনজন পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে বিধি মোতাবেক কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত ৩টি কাগজের কার্টুনের ভেতর থেকে নীল পলিথিন ও খাকি কসটেপে মোড়ানো ৩৬টি পোটলায় মোট ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
টিএনজে /জাসি
















