শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকরাও স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে, কোনাবাড়ীর রিপন নিটওয়্যার লিমিটেড এবং কাশিমপুরের মণ্ডল গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের একটি অংশ বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর পর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।
একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে শুরু করেন। এতে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার মোট ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা নাওজোড় এলাকা থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাসে গিয়ে অবস্থান নেন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে, শ্রমিকদের বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর নভেম্বরের শুরুর দিকে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ হয়। সে অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
টিএনজে /জাসি











