গত ৪ অক্টোবরের পাঠানো চিঠির তথ্য উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই তাদের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতকরণসংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও দুজনের কেউই তার কোনো লিখিত জবাব দেননি।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, গত ৩ মার্চ মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের নাটকের শুটিং চলাকালীন দৃশ্য ধারণের সময় সামিয়া অথৈকে মারধর ও অপদস্থ করার অভিযোগ তোলেন তিনি, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ায়। সামিয়ার দাবি ছিল, নাটকের প্রয়োজনে আলতো চড় মারার কথা থাকলেও তানজিন তিশা তাকে সজোরে আঘাত করেন এবং তার গাল ও চোখ ফুলে যায়।

সালিশে ক্ষমা চেয়ে যৌথ বিবৃতি ও ভিডিও বার্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও দুই অভিনেত্রীর কেউই তা মানেননি। পরবর্তীতে সালিশ কমিটির সুপারিশ ও কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত করা হয়। এই সিদ্ধান্ত প্রসঙ্গে দুই অভিনেত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো প্রতিক্রিয়া বা আপিলের তথ্য পাওয়া যায়নি।
টিএনজে / জাসি




















