বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে। নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হলে শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বর্ধিত বেতন পাবেন।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। ওই দিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মজুরি বোর্ডের অন্য সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
এই বোর্ড তৈরি পোশাকশিল্পের বিভিন্ন পদে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট আকারে প্রকাশ করবে।
টিএনজে / জাসি

















