মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে এসব বিষয় উঠে আসে। দিনের আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের পাশাপাশি সরকারের বক্তব্য, বিচারাধীন মামলার অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তর, বিভিন্ন থানার সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাশকতার ঘটনা তুলে ধরে তিনি সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। দেশ আবার ফ্যাসিবাদী আমলের অন্ধকার পরিস্থিতির দিকে ফিরে যাচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।
নাহিদ ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবিধান সংশোধনের বিষয়ে বেশি তৎপর। তিনি বাসে অগ্নিসংযোগ, মৌলভীবাজারে ছাত্র সমন্বয়ক হাসিবুল আল ইসলামের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা তুলে ধরেন। এসব ঘটনায় গোয়েন্দা কার্যক্রমের দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা ও দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বক্তব্য দাবি করেন।
বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত বছরের একই সময়ের তুলনায় দেশে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করা ঠিক নয়।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে ককটেল বিস্ফোরণ কিংবা রাতে পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করা উচিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো দেশের বাইরে থেকে সহায়তা নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিদেশে বসে স্থানীয় সহযোগীদের মাধ্যমে দেশের পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনাও সরকার প্রতিহত করেছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে।
বেনজীরকে ফেরাতে আমিরাতে আবেদন
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি জানান, বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ২০২৫ সালের ১১ এপ্রিল রেড নোটিশ জারি করে।
এরপর ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে বলা হয়। বাংলাদেশ সরকার সময়সীমা শেষ হওয়ার অপেক্ষা না করে ১৬ জুন, অর্থাৎ চার দিনের মাথায়, সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের অনুরোধ পাঠায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এনসিবি আবুধাবির পাঠানো এক চিঠিতে বাংলাদেশকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটরের আদেশে বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। তবে দেশটির উপযুক্ত কর্তৃপক্ষ তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রত্যর্পণ প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
তিনি বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ কিংবা গ্রেপ্তারের মাধ্যমে কাউকে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত হয় না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও আদালতের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা অব্যাহত রয়েছে।
হত্যা-গুম-নির্যাতনে ১ হাজার ৮৮৩ মামলা
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার পরিসংখ্যানও সংসদে তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জামায়াতের সংসদ সদস্য রোকেয়া বেগমের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় সারা দেশে মোট ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে ২৯৩টির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮টি হত্যা মামলা রয়েছে। ৯১টি মামলায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত চলছে।

প্রত্যাহার হয়েছে ২৪ হাজার ১৩টি রাজনৈতিক মামলা
এদিকে বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির জন্য দায়ের করা ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে। এ জন্য ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ৮ মার্চ আইনমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হলে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মামলা প্রত্যাহার করা যাবে। তবে ধর্ষণের মামলা এ প্রক্রিয়ার আওতামুক্ত থাকবে।
বিসিএসের প্রশ্ন তৈরি হচ্ছে পিএসসির গোপন কক্ষে
এদিকে বিসিএস নিয়োগ পরীক্ষার পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার তথ্য সংসদে তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তিনি জানান, আবেদন গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত বিসিএস নিয়োগ কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র এখন অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে স্ক্যান করে ফল প্রস্তুত করা হচ্ছে। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে প্রশ্নপ্রণেতারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ধারিত গোপনীয় কক্ষে প্রশ্ন তৈরি করতে হয়।
প্রশ্ন প্রস্তুতের পর সিলগালা করে নিরাপদ ভল্টে সংরক্ষণ করা হয়। ভল্টের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন এবং ফেস রিকগনিশন পদ্ধতিতে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। প্রশ্ন ছাপানোর কাজও পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে করা হচ্ছে। এ কাজে যুক্ত ব্যক্তিদের নির্ধারিত স্থানে অবস্থান করতে হয়। তাদের কাছে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখার সুযোগ নেই।
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নেও পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষকদের বাসায় উত্তরপত্র নেওয়ার সুযোগ নেই। কমিশনের নির্ধারিত স্থানে দলভিত্তিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে। মৌখিক পরীক্ষার বোর্ডে পরীক্ষার্থী ও বিশেষজ্ঞদের দায়িত্ব বণ্টনের তথ্যও পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
অধিবেশনে সৌরবিদ্যুৎ সম্প্রসারণেও নতুন আইনি উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন করেন। গত ১৯ অক্টোবর জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশের পরিবর্তে বিলটি আনা হয়েছে।
বিল উত্থাপনের সময় মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী গ্রীষ্মের আগে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত আইনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) ও ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলের ব্যবস্থা রাখা হয়েছে। ওপেক্স মডেলে বেসরকারি বিনিয়োগকারী স্থাপনের ব্যয় বহন করে বিদ্যুৎ সরবরাহ করবেন। ক্যাপেক্স মডেলে ভবনমালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও মালিকানা বজায় রাখতে পারবে।
বিল উত্থাপনের আগে অধ্যাদেশ জারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, সংসদ কার্যকর থাকা অবস্থায় অধ্যাদেশ জারি না করে সরাসরি বিল আনা যেত। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, সংসদ অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হয়।
টিএনজে / জাসি
















