সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এনসিপি এমন অভিযোগ করে। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এনসিপি জানায়, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প ফেঁদে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার অত্যন্ত ধৃষ্টতাপূর্ণভাবে মন্তব্য করেছেন যে, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলেছেন।

এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে সব বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে দলটি জোরালো দাবি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন অবিলম্বে এ ঘটনার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক মহলে ভারতের এই হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরে।


















