দীর্ঘ সময় উইকেটের দেখা না পাওয়া বাংলাদেশ শিবিরে প্রথমে স্বস্তি ফেরান মুমিনুল হক। তার ঘূর্ণিতে ভাঙে জুবায়ের হামজা ও অ্যাকারম্যানের ২০২ রানের দুর্দান্ত জুটি। ব্যক্তিগত ৮৩ রানে সাজঘরে ফিরেছেন হামজা। সেঞ্চুরি তুলে নেওয়া অ্যাকারম্যান এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। তবে হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন প্রোটিয়া ব্যাটার।
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো চড়াও হন অ্যাকারম্যান ও হামজা। চার বোলার ব্যবহার করেও এই জুটি ভাঙতে পারছিলেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বল তুলে দেন অভিজ্ঞ স্পিনার মুমিনুল হকের হাতে।
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি বাহাতি এই স্পিনার। নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। অ্যাকারম্যানের সঙ্গে ২০২ রানের জুটি গড়ার পর মুমিনুলের বলে আউট হন হামজা। ব্যক্তিগত ৮৩ রানে প্রথম সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় তার। এরপর ক্রিজে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন অ্যাকারম্যান। বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় ধরে হতাশ করে নিজের অর্ধশতককে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ব্যাটার। ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। হাসানের বাউন্সারে বড় শট খেলতে গিয়ে তাসকিনের তালুবন্দি হয়ে সাঝঘরে ফিরে যান অ্যাকারম্যান।১৬৪ বলে ১৫৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন এই ব্যাটার।
শেষ বিকেলে আরও এক উইকেট তুলে নেন হাসান। লিটনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে হাসানের শিকার হন ম্যাথু ব্রিটজ। বাভুমার সঙ্গী এখন রিকেলটন।বাভুমা অপরাজিত ১৯ রানে আর রিকেলটন আছেন ৭ রানে।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে সেঞ্চুরির পর ইনিংস আর বড় করতে পারেননি লিটন দাস। ১৬ বলে ১০ রান করে ফিরে যান মেহেদী হাসান মিরাজও।
শেষ দিকে হাসান মাহমুদের ১৬ ও তাসকিন আহমেদের ১৭ রানের কার্যকর অবদানে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। দলের হয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। দুজনের দুর্দান্ত সেঞ্চুরিতে শক্ত ভিত পায় টাইগাররা।
টিএনজে /জাসি

















