বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই সতর্ক অবস্থানে থাকায় নিষিদ্ধ সংগঠনের নাশকতাকারীরা রাস্তায় নামতে পারেনি। গাজীপুরের সড়ক-মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষের সার্বিক জীবনযাত্রায় লকডাউনের কোনো প্রভাব পড়েনি। নাশকতার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে ৯ জন, ছিনতাইকারী পাঁচজন এবং বিভিন্ন নিয়মিত মামলায় ২১ জন রয়েছেন।
এদিকে, বাসন থানা পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. নাহিদ সরকার (৩৩) এবং তাঁর সহযোগী মো. আপনকে (১৮) গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব-দক্ষিণে নাওজোড়-ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন আরও জানিয়েছেন, আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহির বাসুর আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে এবং তাদের নিজস্ব মালিকানার আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে তারা নাশকতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় মামলা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলের বোতল জব্দ করেছে।
জিএমপি কমিশনারের দাবি, নাশকতার পরিকল্পনা, নির্দেশনা ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
টিএনজে জাসি


















