প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই যে মহলটি, যে সন্ত্রাসী গ্রুপটি, সন্ত্রাসী মহলটি ষড়যন্ত্র শুরু করেছে, এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে তারা শাসন করেছিল। মনে আছে আপনাদের? ভুলে গেছেন, না মনে আছে? ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৬ বছর তারা জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৪ সালের ভোট মনে আছে? ১৮ সালের ভোট মনে আছে? আমি-ডামির নির্বাচন মনে আছে? কে মনে আছে, না ভুলে গেছেন?’
তিনি বলেন, আর কি বাংলাদেশের মানুষ ওই রকম নির্বাচন পেতে চায়? এই যে যারা এই নির্বাচনগুলো করেছিল, নিশিরাতের নির্বাচন করেছিল, ভোট দখলের নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ১৬ বছর ক্ষমতা দখল করে কেন তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনার কাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা পদ্মা ব্যারাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা এই এলাকায় গ্যাস লাইন আনে নাই? কেন তারা এই এলাকায় ইপিজেড গঠন করে নাই? এই প্রশ্ন আমার। এই প্রশ্ন কি শুধু আমার, না আপনাদেরও? তার মানে এই কাজগুলো তারা করে নাই। কেন করে নাই? কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ নাই।
অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সে জন্যই আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যখন এই দেশ থেকে পালিয়ে গেছে, সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে তারা এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে। শুধু যে তারা এই দেশের স্বার্থ দেখে নাই, এই দেশের মানুষের স্বার্থ দেখে নাই, তা না; একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদেরকে?
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসেন যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন দেখেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতারাজ করেনি? মানুষকে তারা নির্যাতন করেনি? মানুষকে তারা গুম-খুন করেনি? পালিয়ে গিয়েছে, তারপরও পলাতক থেকেও আবার তারা সেই আগুনসন্ত্রাস শুরু করেছে। আবার তারা মানুষকে পুড়িয়ে মারার, হত্যার রাজনীতি শুরু করেছে। আবার তারা মানুষকে আক্রমণ করে, পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

উন্নয়নের অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা সেই অতীত রাজনীতি করতে চাই না।
লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম। যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও লালমনিরহাটের মানুষ একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, লালমনিরহাটের মানুষ গণতন্ত্রের পক্ষে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে জবাব দিই, শক্তভাবে জবাব দিই, যাতে ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে না পারে, তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করা। সবাই মিলে আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের এয়ারফিল্ডে পৌঁছান তারেক রহমান। সেখানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন।
জনসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন প্রমুখ।
টিএনজে /জাসি


















