বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অনুমতি না মিললেও মঞ্চ তৈরির কাজ চলছে।
একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে একদল লোক। এজন্য বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং করা হয়। মাইকিংয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
মাহফিল আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য মাওলনা আমির হামজার। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এই মাহফিলের জন্য অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। ওই আয়োজন থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
তবে বৃহস্পতিবার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, মাঠে কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আমরা আমাদের কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘ওই স্থানে মাহফিলের কথা শুনেছি। তবে একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ব্যাপারে জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক বলেন, ‘শুক্রবার বিকালে আমির হামজার ওয়াজ মাহফিল রয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল এই মাহফিল বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’
এ ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, ‘সংসদ সদস্যদের আবার কীসের অনুমতি? দুজন সংসদ সদস্য একসঙ্গে থাকবেন, এখানে পুলিশ প্রশাসন প্রটোকল দেবে।
টিএনজে/এএইচ




















