একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল নাটোরের কাদিরাবাদে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ার্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন এবং সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ নির্দেশনা দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সময় তিনি মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এ ছাড়াও ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য এ কোরের সব সদস্যের প্রতি নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্য, পরিবারবর্গসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
টিএনজে/এএইচ