চুক্তির আওতায় সিপি০৬ প্যাকেজের অধীনে ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ মূল লাইন নির্মাণ করা হবে। এ কাজের মধ্যে রয়েছে পূর্তকাজ, স্থাপত্যসংক্রান্ত ফিনিশিং এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং ব্যবস্থা স্থাপন। এ ছাড়া প্রকল্পের অংশ হিসেবে খিলক্ষেত, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও বিমানবন্দর এলাকায় তিনটি ভূগর্ভস্থ স্টেশন এবং উত্তর প্রান্তে একটি শ্যাফট নির্মাণ করা হবে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এক বিবৃতিতে টাটা প্রজেক্টস জানায়, নিশিমাতসু-টিপিএল-তোদা যৌথ উদ্যোগের অংশ হিসেবে তারা ডিএমটিসিএলের কাছ থেকে সিপি০৬ প্যাকেজের কাজ পেয়েছে।
কোম্পানিটির মতে, এ প্রকল্পের মাধ্যমে সমন্বিত প্রকৌশল ও নির্মাণকাজ বাস্তবায়নে তাদের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে জটিল মেট্রোরেল অবকাঠামো নির্মাণে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
ঢাকার নগর পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগের উন্নয়ন, যানজট হ্রাস এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে টাটা প্রজেক্টস।

উল্লেখ্য, টাটা প্রজেক্টস একটি প্রযুক্তিনির্ভর প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) প্রতিষ্ঠান। তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কারখানা এবং বৃহৎ ও জটিল নগর ও শিল্প অবকাঠামো নির্মাণে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং প্রধান প্রবৃদ্ধি ও কৌশলবিষয়ক কর্মকর্তা রাজীব মেনন বলেন, নগরায়ণের কারণে মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান বাজারগুলোতে মেট্রোরেল ও রেল নেটওয়ার্কে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। ঢাকার এ প্রকল্প সরকার, উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ইপিসি কোম্পানিগুলোর কাছে টাটা প্রজেক্টসকে আরও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে।
টিএনজে/এএইচ



















