পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহজাহান দাবি করেছেন, কনসার্ট আয়োজনের অনুমতি পেয়েছে আয়োজক প্রতিষ্ঠান। অন্যদিকে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার জানিয়েছেন, তারা এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক অনুমতি পাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সাংস্কৃতিক মন্ত্রণালয় এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দিতে পারে না বলেও জানান তিনি।
রবিবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে অনুষ্ঠানটির অনুমোদন প্রক্রিয়া নিয়ে এ ভিন্ন অবস্থানের বিষয়টি সামনে আসে। তবে পুলিশের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার দাবি করা হলেও এ বিষয়ে কোনো অনুমোদনপত্র বা সুনির্দিষ্ট নথি তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা হয়নি।
এদিকে, কনসার্টটি আয়োজনের স্থান নিয়েও অশঙ্কা তৈরি হয়েছে। ইউনাইটেড কনভেনশন সেন্টার কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে এ ধরনের বড় আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

কনসার্ট আয়োজনের অনুমোদন নিয়ে দুই সরকারি দপ্তরের বক্তব্যের এই পার্থক্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান কাইন আর্টের কাছ থেকেও অনুমোদনসংক্রান্ত নথি ও তাদের অবস্থান জানতে চেয়ে একাধিকবার ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি।
টিএনজে/এএইচ




















